চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৩ পিএম

লা লিগায় ছন্দে ফেরা বার্সেলোনা এবার চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে। শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে নাপোলির মাঠে খেলতে নামবেন লিওলেন মেসি, জেরার্দ পিকেরা।

নাপোলির স্তাদিও সান পাওলোতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দল দুটি। এই লড়াইয়ে জয়ী দল ক্লাব পর্যায়ে ইউরোপের সর্বোচ্চ লিগের প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে থাকবে।

লিওনেল মেসি কিছুদিন আগে বলেছিলেন তার দল চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো অবস্থায় নেই। বার্সেলোনার পারফরম্যানস অবশ্য তেমন তথ্য দিচ্ছে না। লা লিগায় গত তিন ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষস্থান উদ্ধার করেছে কাতালান ক্লাবটি।

তাছাড়া মেসি দলে থাকলে বার্সেলোনার জন্য অনেক কিছুই সম্ভব! নিজের দিনে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড কী করতে পারেন তা সবারই জানা। চার ম্যাচ গোল না পাওয়ার জবাব এক ম্যাচেই দিয়েছেন, সবশেষ ম্যাচে এইবারের বিপক্ষে করেছেন চার গোল!

নাপোলিও আছে দারুণ ফর্মে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত ৭ ম্যাচে ছয়টিতেই জিতেছে। হারিয়েছে জুভেন্তাস, ইন্টার মিলানের মতো দলকেও। বার্সেলোনার বিপক্ষে হতাশ করার স্বামর্থ আছে দলটির।

চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচে সাম্প্রতিক সময়ে তেমন ভালো করতে পারছে না বার্সেলোনা। গত ১৩ ম্যাচের মাত্র পাঁচটি জয় পেয়েছে দলটি। প্রতিযোগিতাটিতে ঘরের মাঠে গত সাত ম্যাচ ধরে অপরাজিত নাপোলি। এর মধ্যে জয় এসেছে পাঁচটি ম্যাচে, ড্র দুটি ম্যাচ! সেদিক থেকে বলা যায় নাপোলির মাঠ থেকে বার্সেলোনার জয় নিয়ে ফেরাটা কঠিনই হবে।

নাপোলির জন্য দুঃসংবাদ হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ম্যাচটিতে খেলতে পারবেন না ডিফেন্ডার কালিদু কুলিবালি। আর বার্সেলোনার শিবিরে আগে থেকেই নেই আক্রমণভাগের দুই তারকা খেলোয়াড় উসমানে দেম্বেলে ও লুইস সুয়ারেস। চোটের কারণে ম্যাচটিতে লেফট-ব্যাক জর্দি আলবাকেও পাচ্ছে না কোচ কিকে সেতিয়েন।

এদিন একই সময়ে শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মাঠে খেলতে নামবে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত