এডিস মশা নিয়ন্ত্রণে ডিএসসিসির ক্র্যাশ প্রোগ্রাম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৯ এএম

এডিস মশা নিয়ন্ত্রণে এর উৎস নির্মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এজন্য নাগরিকদের সচেতনতা হওয়া এবং নিজ নিজ বসতবাড়ি, আঙিনা ও এর আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার এডিস মশা নির্মূলে স্পেশাল ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে এসব কথা বলেন মেয়র খোকন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের জরিপের ভিত্তিতে ডিএসসিসি ৫, ৬, ১১, ১৭, ৩৭ এবং ৪২Ñ এ ছয়টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এ পরিপ্রেক্ষিতে ঘোষিত এলাকাগুলোকে ঝুঁকিমুক্ত করতে আগামী এক সপ্তাহের মধ্যে করপোরেশনের মশককর্মী ও পরিচ্ছন্ন পরিদর্শকরা প্রতিটি বাড়ি পরিদর্শন করে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ধ্বংস করবেন এবং অধিবাসীদের লার্ভা ধ্বংস করার কৌশল শিখিয়ে দেবেন। এরপরও কেউ সচেতন না হলে এবং জনস্বাস্থ্যর জন্য ব্যাপক ক্ষতিকর অবস্থার সৃষ্টি হলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেয়র সাঈদ বলেন, জরিপে ঘোষিত ঝুঁকিপূর্ণ এলাকায় সপ্তাহব্যাপী স্পেশাল কার্যক্রম চালানোর পর পুনরায় জরিপ চালানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরকে আহ্বান জানানো হবে। প্রাপ্ত ফলাফলের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে নাগরিকদের সচেতন করতে তিনি গণমাধ্যমকর্মীদেরও সহায়তা কামনা করেন। ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, সচিব মোস্তফা কামাল মজুমদারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত