দরিদ্র জনগোষ্ঠীর সুবিধার্থে খাস পুকুর উন্মুক্ত হবে : ভূমিমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০০ এএম

দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় দরিদ্র মানুষের জীবনযাপনের সুবিধার্থে সরকারি খাস পুকুরের পাড় বাঁধাই করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, কিছু পুকুর স্থানীয় দরিদ্র মানুষদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে, যেন তারা প্রাত্যহিক প্রয়োজনে তা ব্যবহার করতে পারেন। গতকাল বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

ভূমিমন্ত্রী বলেন, বেদখল হওয়া সরকারি পুকুর দখলমুক্ত করে তা সংস্কার করা হবে। অবৈধভাবে দখলে নিয়ে ভরাট করা খাস জলাশয় ও পুকুর উদ্ধারেও জোর উদ্যোগ নেওয়া হবে। এসব পুকুর-জলাশয় দখলমুক্ত করে সমাজের হতদরিদ্র ভূমিহীনদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, অথবা প্রকৃত মৎস্যজীবীদের বৈধভাবে বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি।

সভাটি সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। এতে আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আবদুল মান্নান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান বেগম উম্মুল হাছনা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তসলীমুল ইসলাম, অতিরিক্ত সচিব আবদুল হকসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত