হাওরে বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে কৃষকদের অনশন

আপডেট : ০৩ মার্চ ২০২০, ০৮:১৬ পিএম

সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার নান্দাই হাওরে ১৩টি প্রকল্পের বাঁধের কাজে নানা অনিয়ম ও সময়মতো কাজ শেষ না হওয়া এবং প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো ফল না পাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জ শহীদ মিনারে অবস্থান নিয়ে অনশনে বসেছেন চার কৃষক।

মঙ্গলবার বেলা ১১টায় দোয়ারাবজার উপজেলার হাওরে চার কৃষক সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন। অনশনে থাকা চার কৃষক হলেন দোয়ারাবাজার উপজেলার মাঝেরগাঁও গ্রামের আ. নুর (৭০), আ. জলিল (৬৫), আ. রউফ (৫৫) এবং বড়বন গ্রামের আ. জলিল (৬০)। এ সময় কৃষকদের সঙ্গে যোগ দেন হাওর বাঁচাও আন্দোলন ও জেলা ছাত্র ইউনিয়নের নেতারা।

অনশনরত কৃষকরা অভিযোগ করেন, উপজেলার নান্দাইর হাওরে তাদের সবার ২০০ বিঘার ওপর জমি রয়েছে। অথচ এ হাওরে ১৭টি প্রকল্পের বাঁধের নির্মাণে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। বাঁধের কাছ থেকেই মাটি তুলে বাঁধ মেরামত করা হচ্ছে। এতে বৃষ্টি এলে বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি রয়েছে।

সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, এ হাওরের প্রতিটি প্রকল্পের কোনোটিতেই কাজ ঠিকমতো হয়নি। কোনো কোনো স্থানে পুরনো বাঁধের ওপর নতুন করে মাটির প্রলেপ দেওয়া হয়েছে। আমার চাই এসব প্রকল্পের কাজে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নইলে আরও কঠোর আন্দোলন কর্মসুচি দেওয়া হবে।

দোয়ারাবাজার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শমসের আলী জানান, উপজেলার এ হাওরে ১৭টি প্রকল্প আছে, সবগুলোর কাজ প্রায় শেষ। এখানে বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হয়নি। এলাকায় দুটি পক্ষ আছে। স্থানীয় বিরোধের কারণেই এখন এসব অভিযোগ করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. আবদুল আহাদ দেশ রূপারন্তকে জানান, হাওরে বাঁধ নির্মাণে সব অভিযোগ খতিয়ে দেখার বিষয়ে কমিটি রয়েছে। এসব অভিযোগ তারা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত