বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ১০টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল বুধবার দুপুরে কুকুরগুলো বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়। কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আরকে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমানের কাছে ভারতের পেট্টাপোল ক্যাম্প থেকে কুকুরগুলো হস্তান্তর করেন।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুল ওয়াহাব দেশ রূপান্তরকে জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে গতকাল পেট্টাপোল বিএসএফ ক্যাম্প থেকে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কুকুরগুলো হস্তান্তর করা হয়।
এটা ভারত থেকে পাওয়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দ্বিতীয় চালান। এর আগে গত বছরের ৭ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে। প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমান।
