‘পাপিয়ার তালিকা’ ফেইসবুকে প্রকাশ করায় আওয়ামী লীগ নেতা কারাগারে

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০৬:৩৪ পিএম

কুষ্টিয়া কুমারখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ‘দেশের বানী’ নামের একটি স্থানীয় পত্রিকার প্রকাশক, সম্পাদক ও সাবেক কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজকে কারাগারে পাঠিয়েছে আদালত।

পুলিশ জানায়, তিনি যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত আলোচিত শামিমা নূর পাপিয়ার সঙ্গে যোগযোগ ছিলএমন একটি অনির্ভরযোগ্য তালিকা ফেইসবুকে প্রচার করেন। যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। 

বৃহস্পতিবার রাত ৪টার দিকে শহরের নারকেল তলা এলাকায় শ্বশুড় মতিয়ার রহমান মতির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় কুমারখালী থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত ৩টায় কুমারখালী থানায় উপজেলার মির্জাপুর গ্রামের আজের আলীর ছেলে জহুরুল ইসলাম বাদি হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের আইডি রবি রহমান, শিমুল আহমেদ, মোমিজ রহমান, শেখ নাঈম এবং ‘সাপ্তাহিক ভোরের আলো’ নামক পত্রিকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জসহ আলোচিত শামিমা নূর পাপিয়ার কাছে যাতায়াতকারী হিসেবে উল্লেখ করে ২১ জনের একটি কথিত তালিকা প্রকাশ করে ‘সাপ্তাহিক ভোরের আলো’। এতে বলা হয়েছে, ‘পাপিয়ার সঙ্গে কুষ্টিয়া ৪ এর সাংসদ সেলিম আলতাফ জর্জের সম্পর্ক কি? র‌্যাবের কাছে পাপিয়া যার যার নাম বলেছে, সেই লিস্টে সাংসদ জর্জ এর নাম ১৪ নম্বরে আছে। লিস্টের সবাই পাপিয়ার কাছে যাতায়াত করত’।

অভিযোগে আরো বলা হয়, ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া ও বিভ্রান্তিমুলক তথ্য ছড়িয়ে কার্যত তাকে সামাজিক, রাজনৈতিক, পারিবারিকভাবে হেয় প্রতিপন্নসহ সম্মানহানি ঘটিয়েছে। সেই সঙ্গে এমন ভিত্তিহীন, বানোয়াট তথ্য ছড়িয়ে তার প্রতি ঘৃণা-বিদ্বেষ সৃষ্টিসহ উস্কানি আইনশৃংখলার অবনতি ঘটানোর কারণ ঘটিয়েছে’।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার পরিদর্শক আব্দুল আলীম জানান, ‘মাননীয় সংসদ সদস্যের নামে কুৎসা রটনার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার পাঁচ আসামির মধ্যে ৩ নম্বর আসামি মোমিজ রহমানকে গ্রেপ্তার করে কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন’।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক বলেন, ‘মোমিনুর রহমান মোমিজ কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরে জেলা সদস্য হন। তবে সর্বশেষ প্রস্তাবিত নতুন কমিটিতে সদস্য হিসেবে তার নাম দেওয়া আছে, সেই নতুন কমিটি এখনও অনুমোদিত হয়ে আসেনি’। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত