বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়া মাশারফী বিন মোর্ত্তজাকে নিয়ে ফেইসবুকে আবেগময় এক স্ট্যাটাস দিয়েছেন দেশের আরেক সেরা ক্রিকেটার সাবিক আল হাসান। তার মতে, মাশরাফী নেতৃত্ব ছেড়ে দিলেও সবার প্রিয় ভাই হয়েই সারা জীবন থাকবেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মাশরাফী। জানান, এটাই তার জন্য সরে দাঁড়ানোর সঠিক সময়।
মাশরাফীর নেতৃত্ব ছাড়ার ঘোষণায় নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন তার সতীর্থরা। ‘নড়াইল এক্সপ্রেস’কে নিয়ে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে আবেগময় স্ট্যাটাস দিয়েছেন আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে বর্তমানে ক্রিকেটের বাইরে থাকা সাকিব।
স্ট্যাটাসে মাশরাফীকে নিয়ে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার লিখেছেন- “সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায় আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সব সময়। বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও, আপনি উৎসাহ যুগিয়েছেন আমাদের। শিখিয়েছেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে। আপনার থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সাথে দেশের জার্সি পরে কিভাবে মাঠে লড়তে হয়। নিঃসন্দেহে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি মাঠে, কাটাবো সামনের দিনগুলোতেও। নিজের উদ্যমে যেভাবে আমাদের প্রেরণা দিয়েছেন আর প্রতিটা মুহূর্ত পাশে থেকে দল হিসেবে সামনে এগিয়ে যেতে সাহায্য করার ব্যাপারটা ভুলবোনা কখনোই।”
“বিনয় আর সম্মানের সাথে টিম টাইগার্স আর প্রিয় জাতীয় পতাকাকে বিশ্বের বুকে উঁচিয়ে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু আমাদের সবার প্রিয় 'মাশরাফি ভাই' হয়ে সারাটা জীবন থাকবেন আমাদেরই মাঝে। সব সময়ই যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন এই শুভকামনা জানাচ্ছি।”
