বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শোষণ, নিপীড়ন, দুঃশাসন উচ্ছেদ করতে ঐক্যবদ্ধ কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। তারা বলেছেন, দেশে লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে সব কমিউনিস্টকে ঐক্যবদ্ধ হতে হবে। সব বামপন্থি দল ঐক্যবদ্ধ হলে অসহনীয় পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব। গতকাল শুক্রবার পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আলোচনা সভায় কমিউনিস্ট পার্টির নেতারা এই আহ্বান জানান।
সভায় সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, এ দেশের জাতীয় ও শ্রেণি মুক্তির আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা অগ্রগণ্য। আগামী দিনের মুক্তি আন্দোলনেও কমিউনিস্ট পার্টিকে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।
দলের প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী বলেন, ইতিহাসে কমিউনিস্ট পার্টির ভূমিকা উজ্জ্বল ও বর্ণিল। তেভাগা, নানকার, টঙ্কসহ নানা কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন সংগঠিত করেছে। কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের ওপর বারবার হত্যা, নির্যাতন, জেল-জুলুম-হুলিয়ার খড়্গ নেমে এসেছে। কয়েক দফায় পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে।
