ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য রবি-মেটাকেভের ‘আমার হিসাব’

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০৫:২৫ পিএম

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে ব্যবসা পরিচালনায় ডিজিটাল সুবিধা নিয়ে আসতে রবি আজিয়াটা ও মেটাকেভ সফটওয়্যার সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা সহজেই তাদের ক্রয়, বিক্রয়, লেনদেন এবং লাভক্ষতির হিসাব বজায় রাখতে পারবেন।

রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল এবং মেটাকেভ সফটওয়্যারের প্রতিষ্ঠাতা সাদিক মো. আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে রবির করপোরেট অফিসে এই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রবির ভাইস প্রেসিডেন্ট এ কে এম নাজমুল ইসলাম, মো. রেজওয়ান আল ইসলাম, মহাব্যবস্থাপক গাউসুল আজম আরাফাত আহমেদ এবং ম্যানেজার মো. আবুল হাসনাত এবং আহমেদ সুফী কামাল এবং উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রবি আমার হিসাবের লক্ষ্য ছোট ও মাঝারি উদ্যোগের ব্যবসা পরিচালনা সহজ করা। মেটাকেভ সফটওয়্যারে কোম্পানির তত্ত্বাবধানে প্রস্তুতকৃত সফটওয়্যারটির মাধ্যমে ব্যবসায়ীরা সহজেই তাদের ক্রয়, বিক্রয়, লেনদেন এবং লাভক্ষতির হিসাব বজায় রাখতে পারবেন। এই ব্যবসার একাধিক শাখা অথবা একই মালিকের একাধিক ব্যবসাকে একই সফটওয়্যারটির মাধ্যমে পরিচালনা করা যায়।

সকল ধরনের এসএমই গ্রাহকেরা রয়েছেন 'রবি আমার হিসাব' এর সেবার আওতায়। মিনি সুপারশপ, ফার্নিচার, স্যানিটারি, রিটেইল, কাপড়ের দোকান, ইলেকট্রনিকসের দোকান প্রভৃতি সকলেই এর সুবিধা নিতে পারবেন।

বিভিন্ন মডিউলের মাধ্যমে এই সফটওয়্যারটিতে পাওয়া যাবে- ইনভেনটরি, অ্যাকাউন্টিং, ক্রয়-বিক্রয়, ড্যাশবোর্ড, ব্যবসার সারসংক্ষেপ, কাস্টমার ম্যানেজমেন্ট, প্রোমোশন এবং ই-কমার্স। সফটওয়্যারটি ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও ব্যবহারযোগ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত