প্রভাবশালী ঠিকাদার ও বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীম অস্ত্র ও মাদক আইনের পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এদিকে, অত্যন্ত গোপনে হাইকোর্ট থেকে নেয়া এই ছয় মাসের জামিন বিষয়ে রাষ্ট্রপক্ষ কিছুই জানে না।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, গত ৪ ও ৬ ফেব্রুয়ারি পৃথক দুটি কোর্ট থেকে তিনি জামিন পান।
জি কে শামীমের আইনজীবী শওকত ওসমান গণমাধ্যমকে জানান, সম্প্রতি অস্ত্র ও মাদক মামলায় তার মক্কেল হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এই দুই মামলায় জামিননামা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হয়েছে।
তিনি আরও জানান, দুটি মামলায় জামিন পেলেও জি কে শামীমের বিরুদ্ধে আরও দুটি মামলা আছে। এই দুটি মামলায় এখনো জামিন পাননি তিনি। এ কারণে জি কে শামীম এখনই মুক্ত হচ্ছেন না।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিষয়টি আমি শুনলাম। এ ব্যাপারে নথিপত্র দেখে রবিবার পদক্ষেপ নেব।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান সংবাদমাধ্যমকে বলেন, এই জামিনের বিষয়ে তাদের কিছু জানা নেই।
গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন জি কে শামীম। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোট চারটি মামলা হয়। আদালত সূত্র বলছে, ইতিমধ্যে জি কে শামীমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় ঢাকার আদালতে অভিযোগপত্র দিয়েছে র্যাব।
