নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডে একটি ওষুধের দোকানসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের এমপির মোড় এলাকায় ইরাক ভেটেরিনারি ওষুধের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় স্থানীয়রা।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খরব দিলে দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ১টি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দোকানের সমস্ত মালামাল ও দোকানের পেছনে থাকা হারুনুর রশিদের ৩টি ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় ঘরে ঘুমিয়ে থাকা হারুনুর রশিদের স্ত্রী ও সন্তান আগুনের উত্তাপ টের পেয়ে তৎক্ষণাৎ ঘরের বাইরে আসায় কেউ আহত বা নিহত হয়নি।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
প্রাথমিকভাবে আনুমানিক কয়েক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পৌর শহরের মধ্য বাজারের পাইকারি কাপড়ের মার্কেটে আদর্শ বস্ত্রালয়, আপন গার্মেন্টস, অপূর্ব ফ্যাশনসহ নয়টি কাপড়ের দোকান ও তিনটি বসতবাড়ির সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
