বিসিবির কেন্দ্রীয় চুক্তি: শুধু সাদা বলে মাহমুদউল্লাহ-মোস্তাফিজ

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১১:২৪ পিএম

টেস্ট ক্রিকেটে এখন অনিয়মিত মোস্তাফিজুর রহমান। লাল বলে ভবিষ্যৎ অনিশ্চিত মাহমুদউল্লাহ রিয়াদেরও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতেও এই দুজনকে নিয়ে পরিকল্পনা স্পষ্ট হয়েছে। দুজনকে রাখা হয়েছে শুধুই সাদা বলের চুক্তিতে।

রবিবার নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে বিসিবি। মোট ১৬ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। তবে এবারই প্রথম লাল বল ও সাদা বলের জন্য করা হয়েছে আলাদা চুক্তি।

চুক্তিবদ্ধ ১৬ ক্রিকেটারের মধ্যে শুধু সাতজন রয়েছেন দুই বলের চুক্তিতেই। তারা হলেন- তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

শুধুমাত্র লাল বলের চুক্তিতে আছেন ৪জন। টেস্ট অধিনায়ক মুমিনুল হক ছাড়াও এই তালিকায় থাকা অন্য তিনজন হলেন- নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি ও ইবাদত হোসেন।

আর মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে শুধু মাত্র সাদা বলের চুক্তিতে আছেন সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।

কে কোনো ক্যাটাগরিতে আছেন সেটি অবশ্য এদিন জানানো হয়নি। সোমবার সেটি প্রকাশ করা হতে পারে।

২০১৯ সালের চুক্তি থেকে সাতজন নেই এবার। মাশরাফী বিন মোর্ত্তজা নিজে থেকেই চুক্তি থেকে তাকে সরিয়ে রাখতে বলেছিলেন। নিষিদ্ধ সাকিব আল হাসান নেই স্বাভাবিকভাবেই। আর বাদ পড়েছেন ইমরুল কায়েস, আবু হায়দার রনি, খালেদ আহমেদ, রুবেল হোসেন ও সাদমান ইসলাম।

এ বছর চুক্তিতে নতুন যুক্ত হয়েছেন- নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, ইবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। তবে সৌম্য সরকার চুক্তিতে আসতে পারেননি।

২০২০ সালের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা

লাল-সাদা দুটিতেই আছেন যারা:

তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

শুধু লাল বলে আছেন যারা:

মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী ও ইবাদত হোসেন।

শুধু সাদা বলে আছেন যারা:

মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত