রাষ্ট্রদূতকে প্রাণিসম্পদমন্ত্রী

ব্লু ইকোনমির বিকাশে বাংলাদেশ-ভিয়েতনাম যুগপৎ কাজ করবে

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৪:১১ এএম

ব্লু ইকোনমির বিকাশে বাংলাদেশ ও ভিয়েতনাম যুগপৎ কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

গতকাল রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।

এ সময় রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেন, ‘ভিয়েতনামের কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন ধরনের তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ে একসঙ্গে কাজ করতে পারে। তথ্য বিনিময়ের মাধ্যমে দুটি দেশের সম্পর্ক আরও গভীর হতে পারে।’

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ভিয়েতনামের বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এ বছর ভিয়েতনামের কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রীর বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে বলেও রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাংলাদেশ ও ভিয়েতনাম দুটি দেশই দীর্ঘ সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। তাই দুটি দেশের মধ্যে ঐতিহাসিক মিল রয়েছে।

সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জায়গায়ও দুটি দেশের মধ্যে অনেক যোগসূত্র রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে সব সময় গুরুত্ব আরোপ করেন।’ তিনি বলেন, ‘ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা ভিয়েতনামে সামুদ্রিক মৎস্য রপ্তানি করতে পারি। মাংস রপ্তানিতেও আমাদের সম্ভাবনা রয়েছে। আমরা যৌথভাবে এ ব্যাপারে কাজ করতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত