করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চীনেই ৫০ হাজারের অধিক আক্রান্ত এখন ভাইরাসটি থেকে মুক্ত। ম্যাকাওতে সর্বশেষ আক্রান্ত ব্যক্তিটিও সুস্থ হয়ে উঠেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শুক্রবার ম্যাকাউয়ের সর্বশেষ ব্যক্তিটি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।
সর্বশেষ করোনা আক্রান্ত ৬৪ বছর বয়সী এক নারীকে হাসপাতাল থেকে ছাড় দেয়া হয়েছে বলে চীনা শাসিত অঞ্চলটির স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করে।
ম্যাকাওতে ১০ ব্যক্তির মধ্যে কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। চীনের সঙ্গে যুক্ত এই অঞ্চলটি ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়। সেই সঙ্গে আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
ম্যাকাউ স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর লেই চিন-ইয়ন বলেন, ‘ম্যাকাওতে এখন কোনো করোনা রোগী নেই, কোনো গুরুতর বিষয়ও নেই, কোনো মৃত্যু নেই, কোনো সংক্রমণের ঘটনাও নেই।’
৪ ফেব্রুয়ারি থেকে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি অঞ্চলটিতে।
করোনা মোকাবিলায় এমন সাফল্যের জন্য লেই তার দপ্তর, অন্যান্য বিভাগ ও সরাসরি যুক্ত কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে পুরো বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ১০ হাজার ছাড়িয়েছে। তবে সুস্থ হয়ে বাড়ি গেছে ৬২ হাজার মানুষ। ফলে করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ার বিষয়টি আশাব্যাঞ্জক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
তবে চীন থেকে ভাইরাসটি এখন ইতালি ও ইরানে ভয়াবহ রূপ ধারণ করেছে। রবিবার ইতালিতে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনে, ইরানে মারা গেছে ১৯৪ জন। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটিতে মারা গেছেন ৫০ জন।
এদিকে চীনে রবিবার নতুন করে মাত্র ৪০ জন আক্রান্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৪ জন। এ নিয়ে চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৩৫ জনে দাঁড়িয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আরও জানায়, দেশটিতে রবিবার ২২ জনের মৃত্যু হয়েছে। মৃত একজন ছাড়া সবাই হুবেই প্রদেশের। অঞ্চলটি থেকে ডিসেম্বরের শেষে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে।
