সৌদি আরব থেকে ফেরা এক বয়স্ক দম্পতিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ওই দম্পতির মধ্যে শ্বাসকষ্টের উপসর্গ থাকায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
বেশ কিছুদিন ধরে ওই দম্পতি শ্বাসকষ্টের চিকিৎসা নেওয়ার পরও তা ভালো না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, “কিছুদিন আগে ওই দম্পতি ছেলে চীন থেকে সৌদি আরবে যান। সেখানে বাবা-মায়ের সঙ্গে ১০ দিন অবস্থান করে সোমবার ভোরে বাংলাদেশে পৌঁছান।”
বিমানবন্দরে পরীক্ষায় দেখা যায় যে, তাদের শ্বাসকষ্ট রয়েছে। তবে ওই দম্পতির ছেলের মধ্যে কোন উপসর্গ না থাকায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে।
এ দিকে সম্প্রতি বাংলাদেশে তিনজন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছেন কর্মকর্তারা। আক্রান্তরা ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে দুজন ইতালি থেকে এসেছেন। তৃতীয়জন এই দুজনের একজনের আত্মীয়, যিনি বাংলাদেশেই ছিলেন।
এ ছাড়া এই তিনজনের সংস্পর্শে একদিন যারা এসেছেন এমন ৪০ জনকে গতকাল পর্যন্ত আইসোলেশনে নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা।
