বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো, নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াড্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সম্মিলিত মহড়া ‘থান্ডার ফিস্ট’। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস ঘাঁটি বানৌজা নির্ভীকে এই মহড়া অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী মহড়ায় সন্ত্রাসবাদ দমনে হোস্টেজ রেসকিউ অপারেশন, সন্দেহজনক জাহাজে সার্চ ও সিজার অপারেশান, ইও ডি ও ডেমোলিশন বিষয়ক প্রশিক্ষণ, অত্যাধুনিক অস্ত্র প্রশিক্ষণ এবং কমব্যাট মেডিকেল বিষয়ে প্রশিক্ষণ ছিল।
বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত কমান্ডো ফোর্স সোয়াড্স, সেনাবাহিনীর প্যারা কমান্ডো, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের মধ্যে পারস্পরিক বিশেষ অভিযান পরিচালনার সক্ষমতা বিষয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা বিনিময় ছিল এ মহড়ার প্রধান লক্ষ্য।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার, সহকারী নৌবাহিনীপ্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল।
এছাড়া মহড়ায় অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সেনা ও নৌবাহিনীর বিশেষায়িত ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা সফলভাবে মহড়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং এ ধরনের মহড়ার আয়োজন সম্মিলিত সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশেষ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।
