মিটু কেলেঙ্কারিতে হার্ভি ওয়াইনস্টিনের ২৩ বছর জেল

আপডেট : ১১ মার্চ ২০২০, ১০:৪৬ পিএম

হ্যাশট্যাগ মিটু কেলেঙ্কারিতে হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার নিউইয়র্কের একটি আদালত এ রায় দেয়।

বিবিসি জানায়, ৬৭ বছর বয়সী হার্ভি ওয়াইনস্টিনকে বুধবার হুইলচেয়ারে বসিয়ে আদালতে হাজির করা হয়। ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় গত মাসেই আদালতে দোষী প্রমাণিত হন হার্ভি। বুধবার শাস্তি ঘোষণা করেন আদালত। তাতে তাকে ২৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

হার্ভি ওয়াইনস্টিনের আইনজীবীরা বুধবার আদালতে ক্ষমাশীল হওয়ার আবেদন জানিয়েছিলেন। তারা আপিলে এও বলেছিলেন, পাঁচ বছর মেয়াদের কারাদণ্ডের ন্যূনতম সাজাও ওয়াইনস্টিনের জন্য ‘যাবজ্জীবন সাজা’র সমান। তবে বাদী পক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন করে বলেন, হার্ভি ওয়াইনস্টিন তার জীবনের অনেকটা সময় ধরেই নারীদের ওপর যৌন নিপীড়ন চালিয়ে এসেছেন এবং নিজের এসব কর্মকাণ্ডের জন্য তেমন একটা অনুতপ্তও তিনি নন। এসব কারণ বিবেচনায় হার্ভির সর্বোচ্চ সাজা হওয়া প্রয়োজন।

বুধবার আদালতে বক্তব্য দেন হার্ভি ওয়াইনস্টিন। হার্ভি আদালতকে জানান যে, তিনি অত্যন্ত অনুতপ্ত। তবে সঙ্গে সঙ্গে তিনি এও বলেন যে, যা ঘটে গেছে, তা নিয়ে তিনি বেশ বিভ্রান্ত।

হার্ভি ওয়াইনস্টিন হলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজক। তার বিরুদ্ধে সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ দুই অপরাধে তাকে আটক করে হেফাজতে নেয় কর্তৃপক্ষ। গত ৬ জানুয়ারি নিউইয়র্কের আদালতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত