জয়পুরহাটে মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার মল্লিকপুর এলাকার একটি বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য খনন করে রাখা মাটির স্তূপ ধসে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন সদর উপজেলার ইছুয়া নওয়াপাড়া গ্রামের কুদ্দুস হোসেন (৪০) ও নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের আতোয়ার হোসেন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মল্লিকপুর বিদ্যালয়ের একটি ভবন নির্মাণের জন্য মাটি খনন করে স্তূপ করে রাখা হয়েছিল। গতকাল দুপুরে হঠাৎ করে মাটির স্তূপ ধসে শ্রমিকদের ওপর পড়ে। ঘটনাস্থলেই মাটিচাপা পড়ে দুই শ্রমিক মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে উদ্ধারকাজ চালান। এ ঘটনায় একজনকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
