বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, করোনা নিয়ে বিএনপি রাজনীতি করছে না, বরং জনসচেতনতা তৈরি করছে।
একইসঙ্গে তিনি করোনা নিয়ে সরকারকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘করোনা ভাইরাস: বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘করোনা নিয়ে আপনারা রাজনীতি করবেন না। আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, আপনাদের কাছ থেকে আমরা এতটুকু আশা করবো।’
মওদুদ বলেন, ‘আজকে যদি এটা ব্যাপক আকার ধারণ করে, তাহলে সরকার সম্পূর্ণভাবে এটা নিয়ন্ত্রণে ব্যর্থ হবে। এটা দেশের মানুষ বিশ্বাস করে। কারণ সরকার করোনা ব্যাপারে প্রথমে উদাসীন ছিল। এখন তারা যেটা করছে তা পত্রিকার কাগজ বিজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধ। কতটুকু প্রস্তুতি তাদের আছে তা কেউ বলতে পারবে না।’
তিনি বলেন, ‘বিশ্বের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এই রোগে আক্রান্ত হয়েছে। কেউ বলতে পারবে না যে আমি আক্রান্ত হবো না। আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে খুব দ্রুত ছড়ানো সম্ভব। আল্লহ না করুক, করোনার ব্যাপক আকার যদি ধারণ করে তাহলে আমি মনে করি না যে, সরকার এর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। বিমানবন্দরে যে ব্যবস্থা নিয়েছে তা একেবারে অপ্রতুল। সেখানে দায়সারা একটি ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমার মনে হয় বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলগুলো বন্ধ ঘোষণা করা উচিত। সরকারের উচিত হবে না এই ঝুঁকি নেওয়ার। যত রকম সর্তকতা অবলম্বন করা যায়, তত রকমের সর্তকতা অবলম্বন করা উচিত।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যে আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের চেয়ারম্যান কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।
