চ্যাম্পিয়ন্স-ইউরোপা-ইংলিশ প্রিমিয়ার লিগ স্থগিত

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১২:৪০ এএম

করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে ইতালি, স্পেন, ফ্রান্সের সব ধরনের ফুটবল স্থগিত করা হয়েছে। গতকাল ইংল্যান্ডও প্রিমিয়ার লিগ বন্ধের ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত মাঠে খেলা চালিয়ে নিচ্ছে জার্মানি। কিন্তু ইউরোপের চার সেরা লিগ যখন বন্ধ হয়ে গেছে তখন ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টগুলো চলে কী করে। যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার শুরুতে ঘোষণা এসেছিল এই সপ্তাহে জুভেন্তাসের মাঠে সফরকারী লিঁওর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি হচ্ছে না। রিয়াল-ম্যানসিটি ম্যাচেরও একই ভাগ্য। কিন্তু একদিন পর অর্থাৎ বুধবার বার্সেলোনার মাঠে নাপোলি ও বায়ার্ন মিউনিখের মাঠে চেলসির খেলা যথাসময়ে মাঠে গড়াবে। অবশ্যই দর্শনহীন গ্যালারিতে। কিন্তু কয়েক ঘণ্টা না যেতেই ঘোষণা এলো সব খেলাই আপাতত বন্ধ।

আগে থেকেই ইতালির সব ধরনের ফুটবল স্থগিত ছিল। এছাড়া গত বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের একজন বাস্কেটবল খেলোয়াড়ের করোনাভাইরাসে পজিটিভ হওয়ায় আইসোলেশনে আছে পুরো ক্লাব। বাস্কেটবল তো বটেই ফুটবল দলের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব ধরনের অনুশীলন বন্ধ আছে ক্লাবটির। এদিকে শুক্রবার ম্যানচেস্টার সিটির একজন ফুটবলারের পরিবারের সদস্যের করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় স্বেচ্ছা আইসোলেশনে আছেন। এজন্য পুরো ম্যানচেস্টার সিটি ভয়ে আছে। জানা গেছে, ওই ফুটবলার দলটির ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি। রিয়াল ও ম্যানসিটির এমন অবস্থার কারণে আগামী মঙ্গলবার জুভেন্তাস-লিঁও ম্যাচের পাশাপাশি দুই দলের খেলা স্থগিত করা হয়েছিল। বাকি ম্যাচগুলো যথাসময়ে চালাতে চেয়েছিল উয়েফা। কিন্তু তাদের মত পাল্টাতে হয়। সিদ্ধান্তটা নিতেই হতো উয়েফাকে। কারণ বৃহস্পতিবার ইউরোপা লিগের ইন্তার মিলান-গেতাফে ও সেভিয়া-এএস রোমার ম্যাচ স্থগিত করা হয়েছিল।

আক্রান্ত চেলসির ফুটবলার ও আর্সেনালের কোচ

করোনাভাইরাসে আক্রান্ত হলেন চেলসির ফুটবলার কালাম হাডসন-ওডোই। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার হিসেবে তিনি করোনায় আক্রান্ত হলেন। করোনা পজিটিভ হওয়ার পর চেলসির তরুণ ফরোয়ার্ড হাডসন-ওডোইকে আলাদা করে রাখা হয়েছে। একই দিন (বৃহস্পতিবার) রাতে আর্সেনালের কোচ মিকেল আর্তেতাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টেস্টে পজিটিভ হওয়ার পর নিজেই জানিয়েছেন তার ভালো লাগছে না। যদিও দ্রুত সেরে উঠে মাঠে ফেরারও আশা ব্যক্ত করেছেন তিনি। এমন পরিস্থিতি ইংলিশ প্রিমিয়ার লিগও সিরি আ, লা লিগার মতোই স্থগিত করা হয়েছে।

৩ এপ্রিল পর্যন্ত বন্ধ ইপিএল

করোনাভাইরাসের কারণে আগামী মাসের ৩ তারিখ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের সব খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। আর্সেনালের কোচ এবং চেলসির এক খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ার পরই এমন সিদ্ধান্ত নিল লিগ কর্তৃপক্ষ। শুধু প্রিমিয়ার লিগ নয়, ইংল্যান্ডের সব ধরনের পেশাদারি ফুটবলও বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগেই প্রথম ক্লাব হিসেবে ম্যানসিটি গত সপ্তাহে আর্সেনালের সঙ্গে তাদের প্রিমিয়ার লিগের খেলা স্থগিত করেছিল।

এদিকে ২৭ মার্চ ইংল্যান্ড জাতীয় দলের খেলার কথা ছিল ইতালির বিপক্ষে। এর চার দিন পর ডেনমার্কের সঙ্গে। সেই ম্যাচ দুটিও স্থগিত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। ইংলিশ ফুটবল লিগ খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে বলেছে ফুটবল সংক্রান্ত অন্যান্য কার্যক্রম থেকেও দূরে থাকতে। যেমন ট্রেনিং সেশন, ফ্যানদের সঙ্গে দেখা করা।

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইও স্থগিত

করোনাভাইরাসের কারণে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আগেই স্থগিত করেছিল ফিফা। কনমেবলের অনুরোধে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও স্থগিত করল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এ ব্যাপারে ফিফার কাছে বুধবার চিঠি লিখেছিল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল। বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্তের কথা জানাল ফিফা। চলতি মাসের ২৩ থেকে ৩১ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল বেশ কিছু ম্যাচ। বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘কনমেবলের সঙ্গে আলোচনার পর ফিফা সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো আয়োজিত হওয়ার কথা থাকলেও আপাতত সেগুলো পিছিয়ে যাচ্ছে। তবে ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’ ৩১ মার্চের পর লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো পেছানো হবে কি না সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, ‘ফিফা গভীরভাবে করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরবর্তীতেও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সূচিতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হলে ফিফা তখন সিদ্ধান্ত নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত