ইরাকে অবস্থিত ইরানের একটি মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে রকেট হামলার পাল্টা জবাব দিতেই ওই হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।
কাতাইব হিজবুল্লাহর পাঁচটি অস্ত্রাগার লক্ষ্য করে এ হামলা গত বৃহস্পতিবার চালানো হয়েছে। এর আগে গত বুধবার তাজি সামরিক ঘাঁটিতে ১৮টি কাতিউশ রকেট আঘাত হানে। রকেট হামলায় যুক্তরাষ্ট্রের দুই ও একজন ব্রিটিশ সেনা নিহত হয়। ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহই এ হামলা চালিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি সিনেট কমিটিকে বলেন, ‘কাতাইব হিজবুল্লাহরই ইরাকে যুক্তরাষ্ট্র ও জোটবাহিনীর ওপর এ মাত্রার হামলা চালানোর সামর্থ্য আছে।’ গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমানগুলো ইরানপন্থি কাতাইব হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে।
এসব স্থাপনার মধ্যে তাদের অস্ত্রাগারগুলো আছে, যেখান থেকে নেওয়া অস্ত্র ব্যবহার করেই যুক্তরাষ্ট্র ও জোটবাহিনীর ওপর হামলা হয়। ‘আমাদের পাল্টা হামলা ছিল আত্মরক্ষামূলক, সমানুপাতিক এবং ইরানসমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোর হুমকির সরাসরি প্রতিক্রিয়া’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।
