কসবা সীমান্ত হাট বন্ধ ঘোষণা

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০৩:৩৯ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট। ফলে আগামীকাল রবিবার থেকে আর বসছে না এই হাট। সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির বৈঠকে অনির্দিষ্টকালের জন্য হাটের কার্যক্রম বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কসবা সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মিতু মরিয়ম গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

গত ৮ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্য বিভাগের এক সভায় জনসমাগম এড়াতে কসবা সীমান্ত হাট বন্ধ রাখার ব্যাপারে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ১০ মার্চ সীমান্ত হাট ব্যবস্থা কমিটির বৈঠকে অনির্দিষ্টকালের জন্য হাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটিও বৈঠক করে হাট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় কসবা সীমান্ত হাট কর্র্তৃপক্ষকে।

কসবা সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মিতু মরিয়ম দেশ রূপান্তরকে বলেন, ‘হাট ব্যবস্থাপনা কমিটির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আবার দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে হাট খুলে দেওয়া হবে। ভারতের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটিও বৈঠক করে হাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

কসবার তারাপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্তে দুই দেশের যৌথ মালিকানার এ সীমান্ত হাট ২০১৫ সালের ৬ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দুই দেশের ৫০টি করে মোট ১০০টি দোকান রয়েছে এ হাটে। প্রতি রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে হাটের বেচাকেনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত