আমির খানের জন্মদিনে জেনে নিন তার সেরা ৫ ছবির গল্প

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০৭:৪৪ পিএম

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত সুপারস্টার আমির খান আজ পা দিলেন ৫৫’তে। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জন্মদিনের অনুষ্ঠান করা থেকে বিরত থাকেন তিনি। আমির খানের জন্মদিনে তার সেরা পাঁচ ছবি নিয়ে থাকল বিশেষ আয়োজন।

বলিউডে আমির খানের যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবি দিয়ে। প্রথম ছবিতেই বাজিমাৎ করেন তিনি। তারপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে দিয়েছেন একের পর এক ব্লক বাস্টার হিট। বলিউডের গণ্ডি পেরিয়ে তার ছবি জায়গা করে নিয়েছে অস্কারের দৌড়েও। একদিকে যেমন রয়েছে ‘আন্দাজ আপনা আপনা’র মতো ছবি, তেমনই রয়েছে ‘তারে জমিন পার’ কিংবা ‘লাগান’। কমেডি থেকে সিরিয়াস– সব চরিত্রেই তিনি সমান সাবলীল এবং সফলও বটে। শুধু অভিনেতা হিসেবেই নয়, আমির সফল পরিচালক এবং প্রযোজক হিসেবেও।

আমির খানের সেরা ৫ সিনেমা

পিকে

রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ সিনেমায় আমির খানের অভিনয় ছিল দেখার মতো। আমির দেখিয়েছেন নিজেকে কিভাবে বদলে ফেলা যায়। হাস্যরসের মাধ্যমে সিনেমাটিতে ভারতবর্ষের নানা অসংগতি তুলে ধরা হয়েছে।

​থ্রি ইডিয়টস

চেতন ভগতের বই ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’-এর ওপর তৈরি এই ছবিতে রাঞ্চো বদলে দিয়েছিল অনেক চলতি ধারণা। প্রশ্ন করেছিল সামাজিক অনেক নিয়ম কানুনকে। ছবিতে তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন কারিনা কাপুর, আর মাধবন এবং শরমন যোশী।

​রং দে বাসন্তি

হাসি ঠাট্টায় দিন কাটানো একদল বন্ধুর জীবন কীভাবে রাতারাতি পালটে যায় এবং অদ্ভুতভাবে জুড়ে যায় স্বাধীনতা সংগ্রামের সেই সব দিনগুলির সঙ্গে। এ ছবি সমাজের চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় একটি দেশের যুব শক্তি চাইলে কী না পারে।

​তারে জমিন পর

ডিসলেক্সিয়া নিয়ে যে এমন সুন্দর ছবি হতে পারে তা প্রমাণ করে দিয়েছিলেন আমির খান। এই ছবির বাড়তি পাওনা ছিল ছোট্ট ঈশান আওয়াস্থির চরিত্রে দরশিল সাফারি। এই ছবি বলিউডে এক নতুন মাইল ফলক।

লাগান

আশুতোষ গোয়াড়িকর পরিচালিত এই ছবি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল আমিরকে। ভুবনের হার না মানা জেদ এক অন্য উচ্চতা পেয়েছিল আমিরের অসাধারণ অভিনয়ের জোরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত