করোনাকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণা ভারতের, আক্রান্তদের আর্থিক সহায়তা

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০৯:১০ পিএম

করোনাভাইরাসকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণা করেছে ভারত। ইতিমধ্যে ৮৭ জন ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুজন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এমন পরিস্থিতিতে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে একে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে আরও বলা হয়, কোভিড-১৯ ভাইরাসে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেয়া হবে।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসার খরচ দেবে সরকারি কর্তৃপক্ষ। সেই সঙ্গে, বিভিন্ন আইসোলেশন ওয়ার্ডে যারা রয়েছেন তাদের খাবার, পানি, জামা-কাপড় এবং ওষুধপত্রের খরচও সরকারি তহবিল থেকেই হবে।

প্রয়োজনে অতিরিক্ত করোনা-পরীক্ষাকেন্দ্রও খোলা হবে বলে জানানো হয় ওই বিবৃতিতে। একই সঙ্গে বলা হয়েছে, পুলিশ এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও কেনা হবে। সরকারি হাসপাতালগুলিতে থার্মাল স্ক্রিনিং-সহ প্রয়োজনীয় সরঞ্জামও বাড়ানো হবে প্রয়োজনে।  

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে বন্ধ করে  দিয়েছে সব ধরনের পর্যটক ভিসা। যে সব দেশে করোনা ছড়িয়ে পড়েছে, সেখানকার নাগরিকদেরও ভিসা বাতিল করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত