বিমানবন্দর এলাকার জঙ্গলে ফের ধর্ষণের শিকার কিশোরী

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১১:১৭ পিএম

রাজধানীর বিমানবন্দর কাউলায় ১৪ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ভোরে নির্যাতিতা ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস আক্তার দেশ রূপান্তরকে বলেন, কিশোরীর ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

তিনি বলেন, মেয়েটি বিমানবন্দর রেলস্টেশনের যাত্রীছাউনিতেই থাকত বলে জানিয়েছে। শুক্রবার রাতে ৩ জন তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে মেয়েটি। সে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে কিনা তা ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে। তবে সব মিলিয়ে আরও তদন্তের বিষয় রয়েছে।

কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা আরেক কিশোর দেশ রূপান্তরকে জানায়, তারা বিমানবন্দর রেলস্টেশনেই থাকে। রাত আড়াইটার দিকে রাজু, পায়তারাসহ ৩জন কিশোরীটিকে ডেকে কাউলার একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে ৩ জন মিলে ধর্ষণ করে তাকে। পরে তাকে উদ্ধার করে ভোর ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ভোরে ওই কিশোরীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়েছে। তাকে গণধর্ষণের অভিযোগ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, এ রকম একটি সংবাদ পেয়েছি। বিস্তারিত জানার জন্য পুলিশ মাঠে কাজ করছে।

এর আগে গত ৫ জানুয়ারি রাতে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকার বিমানবন্দর সড়ক দিয়ে হাঁটার সময় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। তাকেও জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত