ঢাকা-১০ উপনির্বাচন

সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণ শঙ্কিত : শেখ রবি

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০৩:৫৬ এএম

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) সতর্কতা আওয়ামী লীগের প্রার্থী আমলে নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, ‘আমার প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী একের পর এক আচরণবিধি লঙ্ঘন করছেন। এতে নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে জনগণ শঙ্কায় রয়েছে।’

গতকাল শনিবার গণসংযোগকালে রাজধানীর জিগাতলায় কুইন্স কলেজের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন শেখ রবি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী এখনো ব্যানার-ফেস্টুন অপসারণ করেননি। অভিযোগ দিলে ইসি তাকে সতর্ক করছে। কিন্তু তিনি এসব পাত্তা দিচ্ছেন না।’

তিনি আরও বলেন, ‘সরকার নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে। এজন্য তাদের প্রতি জনগণের আস্থা নেই। আমি ভোটারদের আহ্বান জানাচ্ছি ভোট আপনার নাগরিক অধিকার, ভোটবিমুখ হবেন না।’ বিএনপির প্রার্থী দিনভর ধানমণ্ডির মধুবাজার, রায়েরবাজার, মনেশ্বর রোড, জিগাতলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত