রাজধানীর মুগদায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপা মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পূর্ব বিভাগ। গত শনিবার গভীর রাতে মুগদা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. মিজুয়ান মিয়া, শেখ লিটন, মো. আব্দুল মজিদ ও মো. রফিক হাওলাদার।
গতকাল রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় প্রাইভেটকার ব্যবহার করে রিকশা যাত্রী ও পথচারীদের ব্যাগ ছিনতাই করেন। মিজুয়ান জানান, লিপা ছিনতাইয়ের ঘটনায় তারা জড়িত ছিলেন। তাদের নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি মুগদা এলাকায় প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে লিপা গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
