সৌমিত্রের বায়োপিকের শুটিংয়ে পরম-যিশু-রুদ্র

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০১:৫২ পিএম

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট-‘অভিযান’। এতে বর্তমান বয়সের ভূমিকা অভিনয় করছেন সৌমিত্র নিজেই আর কমবয়সী সৌমিত্র হচ্ছেন যিশু সেনগুপ্ত।

ইতিমধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়ে গেছে। গত সপ্তাহে এক রাতে কলকাতার রাস্তায় দেখা গেছে পরমব্রত, যিশু এবং রুদ্রনীল ঘোষকে। রুদ্রনীল অভিনয় করছেন রবি ঘোষের চরিত্রে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, টুইটারে এক ভক্ত সেই শুটিংয়ের একটি ছবি শেয়ার করেছেন। সিলভিয়া মারিও নামে ওই নারী লেখেন, পরমব্রত তাদের দিকে হাত নেড়েছেন, যিশু শুধু হাতই নাড়াননি, ফ্লাইং কিসও দিয়েছেন।

এদিকে সৌমিত্রের বায়োপিক নিয়ে কিছুই বলতে চাইছেন না পরমব্রত। তার ভাষ্য, ”আসলে কাজটা এত গুরুত্বপূর্ণ, সেনসিটিভ এবং আদরের একটা কাজ। তাই পুরোটা তৈরি না হয়ে কিছু বলতে চাইছি না। যখন বলব সম্পূর্ণটা বলতে চাইব।”

জানা গেছে, ছবিতে সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে পাওলি দাম। এর আগে মহানায়ক ধারাবাহিকে সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সত্যজিৎ রায়ের ভূমিকায় থাকছেন পরিচালক কিউ। আর মাধবী মুখোপাধ্যায় হবেন সোহিনি সরকার। সৌমিত্রের দীর্ঘ ষাট বছরের ক্যারিয়ার পর্দায় তুলে ধরতে চান পরমব্রত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত