নরসিংদীতে করোনাভাইরাস সন্দেহে কোয়ারেন্টাইনে ২০ জন

আপডেট : ১৭ মার্চ ২০২০, ১২:০৪ এএম

নরসিংদীতে করোনাভাইরাস সন্দেহে জেলার ৬টি উপজেলাতে ২০ জনকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

সোমবার করোনাভাইরাসের হোম কোয়ারেন্টাইন সম্পর্কে এ তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

জেলার ৬টি উপজেলাতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে -নরসিংদী সদর উপজেলায় ৭ জন, পলাশ উপজেলায় ৩ জন, শিবপুর উপজেলায় ৩ জন, মনোহরদী উপজেলায় ১ জন, বেলাব উপজেলায় ১ জন ও রায়পুরা উপজেলায় ৫ জন।

এরা সবাই ইতালী, সৌদী আরব, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও দুবাই ফেরত। হোম কোয়ারেন্টাইনে ১ জন নারী রয়েছে। তাদেরকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাড়িতে বিচ্ছিন্ন রাখা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ বলেছে, করোনাভাইরাস বিষয়ে সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

 এদিকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। এখানে ১০০ শয্যার ব্যবস্থা রাখার সুবিধা আছে। একই সঙ্গে নরসিংদীর প্রধান দুটো চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতাল সহ সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন ইউনিট  রাখা হয়েছে। তবে জেলার দুটো প্রধান চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতালসহ কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে এখন পর্যন্ত কেউ ভর্তি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত