যুগে যুগে মহৎ মানবিক উদ্যোগের পেছনে তরুণদের এগিয়ে আসতে দেখা যায়। দিনাজপুরের পার্বতীপুরে ৩০ কর্মজীবী তরুণ নিজেদের উদ্যোগে সম্মিলিতভাবে এক বৃদ্ধ গৃহহীন দম্পতির ঘর নির্মাণ করে দিয়ে সেই প্রমাণই রাখলেন।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের গুলপাড়া মহল্লার জব্বার মিয়া দম্পতির কাছে নবনির্মিত ৩টি ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করে ওই তরুণদের সংগঠন ‘পার্বতীপুর হেল্পিং সেন্টার’। ২০ থেকে ৩০ বছরের এই এই কর্মজীবী তরুণেরা ৩৫ হাজার ৭৩৫ টাকা ব্যয়ে তাদের জন্য এই ঘর নির্মাণ করে দেন।
সেন্টারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রানা আহম্মেদ ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শেখ বৃদ্ধ দম্পতির কাছে তাদের গড়ে দেয়া ঘর হস্তান্তর করেন। এ সময় সংগঠনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
