করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সম্প্রতি ইউরোপ ও যুক্তরাষ্ট্র ঘুরে আসা জাপান ফুটবলের প্রধান ও জাপান অলিম্পিক কমিটির ভাইস-চেয়ারম্যান কোজো তাশিমা। এক বিবৃতিতে মঙ্গলবার এ খবর জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)।
তাশিমার স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস জনিত কভিড-১৯ রোগের উপস্থিতি পাওয়া গেছে। তার মাধ্যমে কেউ যদি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন সে জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।
কভিড-১৯ এ আক্রান্ত হলেও ভালো আছেন বলে জানালেন তাশিমা। জেএফএ’র এক বিবৃতিতে তিনি বলেন, “আমার সামান্য জ্বর ও নিমোনিয়া আছে… এমনিতে আমি ভালো আছি।”
২৮ ফেব্রুয়ার থেকে ৮ মার্চ পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন তাশিমা। কিন্তু গত শনিবার সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান স্লাভিসা কোকেসা করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়ার পর তাশিমার শরীরে এই ভাইরাসের উপস্থিতি আছে কি-না তা পরীক্ষা করা হয়।
তাশিমা জানিয়েছিলেন, আমস্টাডার্মে উয়েফার সাধারণ সভার সময় তিনি স্লাভিসা কোকেসার পাশেই বসেছিলেন। ওই সভায় উপস্থিত থাকা সুইজারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ডমিনিক ব্লাঙ্কও আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জাপানের ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারি, স্টাফ, সাংবাদিকদের মধ্যে যারা তাশিমার সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে আছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
“আমি সরাসরি এই রোগের মুখোমুখি হলাম। এই ভাইরাস নিয়ে যেসব কুসস্কার চলছে তা বিতাড়নে আমি অবদান রাখতে চাই। এই রোগ নিয়ে বিভিন্ন গবেষণায় আমি সহযোগিতা করতে চাই।”
ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভায় যোগ দিতে প্রথমে আয়ারল্যান্ডের বেলফাস্ট সফরে যান ৬২ বছর বয়সী তাশিমা। এরপর ২ মার্চ আমস্টার্মে উয়েফার সভায় এক প্রেজেন্টেশনে অংশ নেন তিনি।
এরপর একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে যান তাশিমা। ‘শি বিলিভস কাপ’ নামের ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করে জাপান। ওরলান্ডো, হ্যারিসন, নিউ জার্সি ও ডালাসে ম্যাচ খেলে ৮ মার্চ টোকিও ফেরে দল। এসব জায়গায় দলের উপস্থিত ছিলেন তাশিমা।
