সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে না থাকায় জরিমানা

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৯:১৮ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সৌদি প্রবাসী একজন হোম কোয়ারেন্টাইনে না  থেকে অবাধে ঘোরাফেরা করায় মোবাইল কোর্টের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে সৌদি ফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন না মেনে ঘুরতে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির জানান, গত ১২ মার্চ সৌদি প্রবাসী দেশে এসেছেন অথচ হোম কোয়ারেন্টাইনে না থেকে বাজারে অবাধে ঘোরাফেরা করছেন এমন খবর পেয়ে আমরা এসে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১০ টাকা জরিমানা করি।

এদিকে গত চার দিনে সুনামগঞ্জে ইতালি, স্পেন ও ওমান, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ সদর, দোয়াবাজার উপজেলায় ৪০ জন প্রবাসীকে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ।  

বুধবার বিকেলে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস এখন পর্যন্ত ৪০ জনের হোম কোয়ারেন্টাইনে থাকার খবর নিশ্চিত করে।

তবে এলাকাবাসী অভিযোগ করছেন, বিদেশ ফেরত ওই সব যাত্রীরা ঘরে না থেকে বাইরে লোকালয়ে এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন। তারা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মানছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত