বেগমগঞ্জে ইউএনওর বিরুদ্ধে সাংসদের সংবাদ সম্মেলন

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৫:১১ পিএম

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলমের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সাংসদ মামুনুর রশিদ কিরণ। গতকাল বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৩ আসনের সাংসদ কিরণ উপজেলা পরিষদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফরউল্যা প্রমুখ। সংবাদ সম্মেলনে সাংসদ বলেন, ইউএনও ভুয়া প্রকল্প দেখিয়ে ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বায়োমেট্রিক মেশিনের, হাটবাজার ও জলাশয়ের ইজারার, মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও এসএসসি, জেএসসি, এবতেদায়ি পরীক্ষার কেন্দ্র এবং গৃহহীনদের জন্য সরকারি অর্থে গৃহনির্মাণ প্রকল্প থেকে বিপুল টাকা আত্মসাৎ করেছেন। তিনি ইউএনওকে দ্রুত বদলি করার দাবি জানিয়ে তার বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি গ্রহণের হুমকি দেন। তবে ইউএনও মাহবুব আলম দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। মাত্র ৯ মাস আগে তিনি বেগমগঞ্জ উপজেলায় যোগদান করেছেন। উপজেলায় আগে যেসব অনিয়ম হতো, তা বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তিনি কাজ করছেন। তাই সংক্ষুব্ধ হয়ে কেউ এসব অভিযোগ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত