করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ইতালি

আপডেট : ২০ মার্চ ২০২০, ০৯:০৮ এএম

ভয়াবহ করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেল ইতালি। বৃহস্পতিবার একদিন ৪২৭ জন মারা যাওয়ার পর সবচেয়ে বেশি মৃত্যু এখন ইউরোপের দেশটিতে।

বিবিসি জানায়, ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে আর চীনে মারা যায় ৩ হাজার ২৪৫ জন।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই কভিড-১৯ ভাইরাসের উৎপত্তি। শুধু অঞ্চলটিতেই মারা গেছে ৩ হাজার ১৩২ জন।

পৃথিবীজুড়ে মৃতের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে চীনে ৮১ হাজার এবং ইতালিতে ৪১ হাজার।

তবে  চীনে মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি বিবেচনায় তাদের সরবরাহকৃত তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যে সমালোচনা উঠেছে আন্তর্জাতিক মহলে।

চীনের পর করোনার মূল কেন্দ্র হয়ে দাঁড়ায় ইতালি। দেশটি থেকে পুরো ইউরোপে ভাইরাসটির সংক্রমণ হয়। ফ্রান্স ও স্পেনেও মারা গেছে পাঁচ শতাধিক লোক।

ইতিমধ্যে গোটা দেশ কোয়ারেন্টাইন ঘোষণা করেছে ইতালি। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, থিয়েটার স্টুডিও, খেলাধুলা, যে কোনো ইভেন্ট সবকিছুই বন্ধ করে দেয়া হয়েছে।

বন্ধ সব বার, রেস্তোরাঁ, সেলুন, বিউটি পার্লার, দোকানপাট। শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যের সুপারমার্কেট, খাবারের দোকান, ওষুধের দোকান খোলা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত