সাতক্ষীরায় কোয়ারেন্টাইন না মানায় ৩ জনকে জরিমানা

আপডেট : ২০ মার্চ ২০২০, ১১:৪০ পিএম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে বিদেশ ফেরত আরও ৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ১৬৯ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হোম কোয়ারেন্টাইনে না থেকে ঘোরাঘুরি করায় জেলায় তিনজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জেলার শ্যামনগর উপজেলার দাতনিখালী গ্রামের একজনকে সদর হাসপাতাল আইসোলেশানে নেয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী গত ১৮ দিনে সাতক্ষীরায় ৮ হাজার ৮৬৮ বিদেশ ফেরত লোক এসেছেন।

হোম কোয়ারেন্টাইনে না থেকে ঘোরাঘুরি করার জন্য কামালনগরে মালদ্বীপ ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা, শ্যামনগরের গোপালপুরে কুয়েত ফেরত একজনকে ৫ হাজার টাকা ও সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের হাজিপুর গ্রামে ইতালি ফেরত এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরায় ১ থেকে ১৮ মার্চ পর্যন্ত মোট ৮ হাজার ৮৬৮ জন লোক বিদেশ থেকে সাতক্ষীরায় এসেছেন। পুলিশ ওই তালিকা অনুযায়ী সার্বিক খোঁজ নিচ্ছেন। বিদেশ ফেরত সবাইকে মনিটর করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, করোনাভাইরাসের কারণে শ্যামনগরের আকাশলীনা, দেবহাটার রূপসী ম্যানগ্রোভসহ জেলার সকল পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে। জনসাধারণকে পর্যটন এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে জেলায় সকল ধরনের সভা-সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সকল প্রকার গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও জরুরি সভাসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত