করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের ১১ জেলায় নতুন করে ১ হাজার ৭৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনায় আক্রান্ত সন্দেহে গতকাল রবিবার তাদের সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।
এদিকে শরীয়তপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়ি চিহ্নিত করতে শুরু করেছে পুলিশ। গত শনিবার রাত থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি নির্দিষ্ট করতে বাইরে সাদা কাগজে কালো অক্ষরে লেখা লিফলেট লাগানো হচ্ছে। তাতে লেখা রয়েছেÑ “এই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে বিদেশফেরত ব্যক্তি আছেন”।
ফেনীতে গতকাল ১৬৫ জন প্রবাসফেরতসহ ৮৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ফেনীতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২ হাজার ৫৬ জন। সুনামগঞ্জে নতুন করে ৯৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শরীয়তপুরে নতুন করে ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে রবিবার পর্যন্ত ৩৩৫ জন কোয়ারেন্টাইনে আছে।
