করোনাভাইরাসের ভয়ে সবাই যখন আতঙ্কিত, তখন করোনাভাইরাস থেকে কিভাবে সেরে উঠেছেন জেমস বন্ড নায়িকা ওলগা কুরিলেঙ্কো, ইনস্টাগ্রামে সেই বর্ণনা দিলেন তিনি।
এক সপ্তাহ জ্বরে ভোগার পর ১৫ মার্চ টেস্ট করার পর অভিনেত্রী জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর থেকে হোম কোয়ারেনটাইনে চলে যান।
সম্প্রতি তিনি ইনস্ট্রাগ্রাম পোস্টে জানালেন তিনি করোনামুক্ত হয়েছেন। করোনার অভিজ্ঞতা জানিয়ে ওলগা কুরিলেঙ্কো জানান, ‘টানা দুই সপ্তাহ অসহ্য যন্ত্রণা ভুগের মধ্য দিয়ে যেতে হয়েছে। একদম বিছানায় পড়েছিলাম। প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর ছিল । তবে দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে জ্বর না থাকলেও মৃদু কাশি ছিল, শরীর বেশ দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে এসে জ্বর, কাশি ভাল হয়ে যায়। শরীরের দুর্বলতাও সেরে যায় এবং আমি সুস্থ অনুভব করি।’
করোনায় আক্রান্ত হয়ে কুরিলেঙ্কো যেসব ওষুধ খেয়েছেন সেসবেরও বর্ণনা দেন তিনি। কুরিলেঙ্কো বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসক আমাকে বিশেষ কোনো ওষুধ প্রেসক্রাইভ করেন নি। জ্বর থাকায় প্যারাসিটামল খেয়েছি। এ ছাড়া রোগপ্রতিরোধ ক্ষমতাকে কার্যকর রাখতে ভিটামিন বি-৫, ভিটামিন- ই, ভিটামিন সি এবং জিঙ্ক সেবন করতে হয়েছে। আর এই পুরো সময়টায় থেকেছি আইসোলেশনে।’
