রূপগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ২৬ মার্চ ২০২০, ০৫:৪০ পিএম

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল (৩২) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৯ নম্বর সেক্টর হেলিপ্যাড চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল মিয়া পূর্বাচল উপ-শহরের ৯ নম্বর সেক্টরের নুরুল ইসলামের ছেলে।  

রূপগঞ্জ থানার উপপরিদর্শক ফরিদ জানান, উপজেলার কালনী বাজার থেকে সোহেল মিয়ার বাইকের পেছনে বসে আশরাফুল ইসলাম বাসায় ফিরছিলেন। এ সময় পূর্বাচল উপ-শহরের হেলিপ্যাড চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আশরাফুল মিয়া ছিটকে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। আশরাফুল মিয়াকে গুরুতর আহত অবস্থায় আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় মোটরসাইকেল চালক সোহেল ও অপর অজ্ঞাত মোটরসাইকেল চালক আহত হয়। পরিবারের লোকজন মামলা করতে রাজি না হওয়ায় নিহতের লাশ ময়নাতদন্ত না করেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত