বিএনপির আইন বিষয়ক সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে শনিবার উপজেলার কারারচর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। দলের নেতাদের মধ্যে জানাজায় অংশ নেন খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জয়নাল আবেদিন, আকরাম হোসেন, স্থানীয় সাংসদ সদস্য এবং বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানাউল্লাহ মিয়া। পরে তার মরদেহ মোহাম্মদপুর আল মারকাজুলে নিয়ে যাওয়া হয়। সেখানে গোসল শেষে রাতেই গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর নিয়ে যাওয়া হয়।
সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তার মুখের বাঁ পাশ বেঁকে যায়। দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর দেশে ফেরেন তিনি।
দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন সানাউল্লাহ মিয়া। ওয়ান-ইলেভেনের সরকারের সময় দলের চেয়ারপারসনের মামলা পরিচালনা করে সবার নজরে আসেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
