অধিনায়ক হিসেবে প্রথম টেস্টের জার্সি শেয়ার করলেন পন্টিং

আপডেট : ২৮ মার্চ ২০২০, ১১:৫৫ পিএম

সর্বকালের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ত তালিকা করলে সেখানে নিশ্চিত ভাবেই থাকবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। কদিন ধরে তিনি নিজের সুদীর্ঘ এবং অবিস্মরণীয় ক্যারিয়ারের কিছু স্মৃতি তুলে ধরছেন ভক্তদের সামনে।

যে ধারাবাহিকতায় শনিবার অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টের জার্সি সবাইকে দেখার সুযোগ করে দিলেন পন্টিং।

অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টের জার্সির ছবি এদিন টুইটারে পোস্ট করেছেন পন্টিং। এর আগে গত ২৩ মার্চ তিনি ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত ব্যাটের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

বিশ্বকাপ ফাইনালে ওই ব্যাট হাতেই তিনি তাণ্ডব চালিয়েছিলেন। অপরাজিত ১৪০ রান করেছিলেন। তার ওই ইনিংসে ভর করেই ভারতকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া।

সেই পোস্টে পন্টিং বলেছিলেন, করোনাভাইরাসের এই কঠিন সময়ে সকলে যদি নিজের বাড়িতে থাকেন, তবে ভবিষ্যতে এ রকম আরও স্মৃতি ভক্তদের সাথে ভাগ করে নেবেন।

সেই ধারাবাহিকতায় এদিন শেয়ার করলেন প্রথমবার অধিনায়ক হিসাবে টেস্ট ম্যাচ খেলার জার্সির ছবি।

পন্টিং ২০০৪ সালে শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেন। সেই ম্যাচের জার্সিতে রয়েছে তার তৎকালীন সকল সতীর্থদের স্বাক্ষর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত