দুস্থদের সেবা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে অনন্ত জলিল বরাবরই দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। করোনা মোকাবিলায় তিনি এর আগেও সাহায্য সহযোগিতা করেছেন। এবার করোনার কারণে বেকার হয়ে পড়া শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে গত ২৭ মার্চ ২২০ জন বেকার শিল্পীর কাছে সহায়তা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিয়েছেন। এবার পরিচালক ও প্রযোজক সমিতির উদ্যোগে চলচ্চিত্রের আরো ২৬০ জন দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন অনন্ত।
রবিবার বিকেলে চলচ্চিত্রের কলাকুশলী, সহকারী, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয়-শাখার অসচ্ছলদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছেন বলে জানালেন অনন্ত জলিল। এ সময় অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহানসহ এফডিসি কেন্দ্রিক ১৭ টি সংগঠনের নেতারা।
এ বিষয়ে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘চলচ্চিত্র নায়ক প্রযোজক অনন্ত জলিলের সহযোগিতায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ চলচ্চিত্রের সতেরোটি সংগঠনের উদ্যোগে এই আপত্কালীন সময়ে কলাকুশলী সহকারী, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয় সহ সকল শাখার লোকজনদের সহযোগিতা প্রদান করা হয়।’
অনন্ত জলিল বলেন, ‘আমাদের দুস্থ শিল্পীদের সহায়তার জন্য আমার পক্ষ থেকে সাধ্যমতো সাহায্য করেছি। আমার এ কাজে সাহায্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি। সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা।’
