করোনাভাইরাস মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা চালানো, বিশেষ তহবিল গঠন, নিরাপদ চিকিৎসাসেবা ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যে খাদ্যদ্রব্যের জোগানসহ কয়েক সপ্তাহ সারা দেশ লকডাউনের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল রবিবার সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
এতে বলা হয়, করোনাভাইরাস সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে দেশে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হতে পারে। এমন প্রেক্ষাপটে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধ করার জন্য আমরা সুজন-এর পক্ষ থেকে সরকারের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবি জানাচ্ছি।
