একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার কারাবন্দি আসামি সোলাইমান মৃধা (৯৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
রবিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রবিউল ইসলাম জানান, মৃতের বাড়ি পটুয়াখালী। মানবতাবিরোধী অপরাধ মামলা আসামি ছিলেন তিনি।
তিনি জানান, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে মৃধাকে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
