পটুয়াখালীর রাংগাবালীতে শরীরে জ্বর থাকায় করোনা সন্দেহে রেনিস বেগম মালা (৪২) নামের এক নারীকে বাাড়ি থেকে বের করে দিয়েছেন তার স্বজনরা।
রবিবার রাতে স্বজনদের এমন ঘটনায় অসহায় ওই নারীর ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে রাস্তার পাশে।
রেনিস বেগম মালা উপজেলার সদর ইউনিয়নের উনিশ নম্বর গ্রামের মৃত নুর হোসেন হাওলাদারের মেয়ে।
রেনিসের স্বজনরা জানান, রেনিস বেগম মালা ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়ায় থাকতেন। স্বামীর সঙ্গে দূরত্বের পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত।
এক সপ্তাহ আগে রেনিস ঢাকা থেকে রাঙ্গাবালী এসে উনিশ নম্বর গ্রামের সৎভাই জসিম হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন।
জানা যায়, গত কয়েক দিন ধরে রেনিস জ্বরে ভুগছেন। রবিবার রাতে রেনিসের স্বজন ও স্থানীয় কয়েকজন তাকে ঘর থেকে বের করে দেয়।
খালগোড়া বাজারের বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, রাত ৮টার দিকে খালগোড়া বাজারের চৌরাস্তায় একটি দোকানের সামনে খোলা আকাশের নিচে রেনিস নামে ওই নারী অসুস্থ অবস্থায় এসে আশ্রয় নেন। সেখানে তিনি কাতরাচ্ছিলেন। তাদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন।
এন্ট্রি করোনা ইউথ সোসাইটি রাঙ্গাবালীর স্বেচ্ছাসেবী গাজী মো. নাহিদ বলেন, বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। বর্তমানে করোনা পরিস্থিতি খোলা জায়গায় ওই নারী নিরাপদ নয় তাই ইউএনওকেও বিষয়টি অবহিত করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষণিক খোঁজ নিয়েছি। তার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। রাতে তার খাবারের ব্যবস্থা করেছি। ডাক্তারের সঙ্গেও কথা বলেছি।
তিনি বলেন, সোমবার সকালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।
