চুয়াডাঙ্গায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক নারীকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে।
রবিবার গভীর রাতে ওই নারীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, সদর উপজেলার আলুকদিয়া গ্রামের প্রায় ৩০ বছর বয়সী ওই নারী বেশ কয়েকদিন ধরেই জ্বর, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত। এছাড়া তার শ্বাসকষ্টও রয়েছে।
রবিবার রাতে ওই নারী বেশি অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি ওয়ার্ডে নেন।
প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষায় করোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে। এ কারণে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়।
সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ওই নারীকে আমরা আইসোলেশ ইউনিটে রেখে চিকিৎসা দিচ্ছি। আজ বিকেলে তার শরীরের রক্ত সংগ্রহ করে ঢাকাতে আইইডিসিআরে পাঠানো হবে। সেখানে পরীক্ষার পরই জানা যাবে ওই নারী করোনা আক্রান্ত কিনা।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গাতে প্রথম ইতালি ফেরত এক যুবকের শরীরে কভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া করোনা আক্রান্ত সন্দেহে আরও একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী রবিবার রাত পর্যন্ত চুয়াডাঙ্গা জেলাতে হোম কোয়ারেন্টানে রয়েছেন ৪৫২ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫ জন রয়েছেন নতুন।
