নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে এক যুবক সর্দিজ্বরে অক্রান্তর খবরে খোঁজ রাখছে প্রশাসন। ওই ইউনিয়নের চকপাড়া গ্রামের ওই যুবক সম্প্রতি ঢাকা থেকে বাড়ি আসেন।
সর্দিজ্বরে আক্রান্ত অবস্থায়ই এই যুবক বাজারে ঘোরাফেরা করায় স্থানীয়দের নজরে পড়লে গত রবিবার ইউপি চেয়ারম্যানকে স্থানীয়রা অবহিত করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল কাদের জানান, রবিবার এমন খবর পেয়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী পাঠাই এবং ইউএনওকে অবগত করি। ওই যুবকের বাড়ি ঘরের খোঁজ রাখা হচ্ছে। তাকে বলা হয়েছে ঘরের বাইরে যেনো সে না যায়। সে ঢাকায় একটি আবাসিক হোটেলে কাজ করত।
এ ব্যাপারে থানায় জানানো হবে বলেও জানান চেয়ারম্যান। যাতে করে পুলিশ গিয়ে নজরে রাখতে পারে।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম সোমবার দুপুরে জানান, সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। তাকে তার বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে। ইউপি চেয়ারম্যান তদারকি করছেন। সর্দিজ্বর আক্রান্ত হয়ে আসলেও এখন যুবকটি ভালো হয়ে গেছে বলে খবর পেয়েছি।
