২ সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে পদ্মা সেতুর ২ শ্রমিক

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০৬:৩৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের এক বাড়িতে পদ্মা সেতুর ২ শ্রমিককে সোমবার দুপুর থেকে দুই সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে।

পদ্মা সেতুর ২ শ্রমিক শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত কেরামত সরকারের ছেলে কামরুল ইসলাম (২৫) ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার রায়হান আলী (২৫)।

এলাকাবাসী জানায়, পদ্মা সেতুতে কর্মরত এ দুই শ্রমিক গত ২ দিন আগে আরিচা থেকে নৌকা যোগে ভাটপাড়া গ্রামে আসে। রবিবার সকালে রায়হানকে করোনা আক্রান্ত সন্দেহে এলাকাবাসী পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেয়। দুপুরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদের প্রাথমিক পর্যবেক্ষণে রেখে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। এ খবর বিকেলে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সন্ধ্যায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা দিয়ে ওই বাড়িটি লকডাউন করা হয়। এলাকাবাসীকে ওই বাড়ি বা তার আশপাশে কাউকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

সোমবার সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম খান নয়ন, আবাসিক মেডিকেল অফিসার রাকিব হাসনাত সহ অন্যান্য স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে একটি মেডিকেল টিম ওই বাড়িতে পৌঁছে নিবিড় পর্যবেক্ষণ করে। তাদের শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোন লক্ষণ পাওয়া যায়নি। ফলে তাদের শরীরের নমুনাও সংগ্রহ করা হয়নি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, যেহেতু তারা ঢাকা ফেরত, তাই তাদের বাধ্যতামূলক ভাবে ১৪ দিনে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া এ বিষয়ে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত