করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে ছয় মাসের জন্য প্রতি মাসে কমপক্ষে ১০ হাজার পরিবারকে এক মাসের জন্য খাদ্য সহায়তা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এই মুহূর্তে সরকারের উচিত সর্বদলীয় কমিটি গঠন করা। জাতির এ সংকটময় মুহূর্তে আমরা কেউ আলাদা না, আমরা সবাই এক।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গতকাল রাজধানীর কামরাঙ্গীরচরে এক ট্রাক খাদ্য জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। বাকি ৬ ট্রাক গাইবান্ধা, গাজীপুরের শ্রীপুর, রাজবাড়ীর দৌলতদিয়াসহ বেশ কয়েকটি জেলায় পাঠানো হয়েছে। জনসমাগম যেন না ঘটে সেজন্য বিভিন্ন এলাকায় ডিসির সহায়তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজধানীর ভাসমান মানুষদের বলব আপনারা যেখানেই থাকেন দুই হাত দূরে দূরে থাকুন। আপনাদের খাবার পৌঁছে দেওয়া হবে। আমাদের একদিকে সামাজিক দূরত্ব প্রয়োজন আছে, সেই সঙ্গে খেয়াল রাখতে হবে বৈষ্যমটা যেন না বাড়ে।
তিনি বলেন, দেশে যেহেতু কাজকর্ম নেই, সেজন্য আমরা স্থির করেছি প্রতি মাসে কমপক্ষে ১০ হাজার পরিবারকে এক মাসের জন্য খাদ্য সহায়তা দেব। এতে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও শুকনো কিছু খাবার থাকবে। যদি পরিবেশ স্বাভাবিক হয়ে যায় তাহলে তো ভালো। না হলে পর্যাক্রমে ৬ মাস দেওয়া হবে।
করোনা পরীক্ষার কিট প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমাদের সাহায্য করেছেন। আমরা চীন থেকে কাঁচামাল আনার ব্যবস্থা করেছি। আশা করছি ৫ এপ্রিল কিট ঢাকায় পৌঁছাবে। যদি পৌঁছাতে পারে ১০ এপ্রিলের মধ্যে নমুনা সরকারকে দিয়ে দেব। এ মাসের শেষে ১ লাখ কিট তৈরি করতে পারব।
