রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ জাতি আর শুনতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘চিকিৎসা পেশা একটি মহান পেশা। মানবতা নিয়ে চিকিৎসকদের এখন এগিয়ে আসতে হবে। কে করোনা রোগে আক্রান্ত আর কে নয় সেটিও শনাক্ত করার দায়িত্ব চিকিৎসকদের। যেকোনো রোগী গেলেই তাকে করোনা ধরে নিয়ে চিকিৎসা দেবেন না, রোগী দেখবেন না এটা অত্যন্ত দুঃখজনক।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলাবিষয়ক জরুরি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা পরিস্থিতি মোকাবিলায় জাতীয় কমিটি গঠনের প্রস্তাব বিষয়ে হানিফ বলেন, জাতীয় কমিটি দিয়ে কী হবে, কমিটির এখানে কোনো কাজ নেই। করোনা মোকাবিলা করা সরকারের বিষয়।
