করোনা প্রতিরোধে ইমামদের করণীয় বিষয়ে আলোচনা

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৮:০৯ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩৮টি মসজিদের ইমামদের নিয়ে কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে ‘করোনা প্রতিরোধে ইমামদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল, স্যানিটাইজার, মাস্ক ও আর্থিক অনুদান বিতরণ করা হয়। বর্তমানে দেশব্যাপী করোনাভাইরাসের ছোবল থেকে জনগণের সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ রাখতে ইমামের করণীয় বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করেন মেয়র জুয়েল আহমেদ।

শনিবার দুপুরে পৌরসভার মেয়র কার্যালয়ে আলোচনা সভায় পৌর মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এনাম উদ্দিন, গোপালনগর জামে মসজিদের খতিব মাও. নুরুল ইসলাম হায়দারী, কেরামত আলী জামে মসজিদের খতিব মাও. দেলোয়ার হোসেন, কমলগঞ্জ সরকারি কলেজ জামে মসজিদের খতিব মুফতি আ. করিম, কমলগঞ্জ থানা মসজিদের খতিব মাও. আলাউদ্দিন, নছরতপুর জামে মসজিদের খতিব মাও. বাহার আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার।

পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের সব মসজিদের ইমামদের মাধ্যমে নামাজের পরিচ্ছন্নতা ও নিরাপদ দূরত্ব বজায় রাখা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রচারের সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানে সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা অংশগ্রহণ করেন। পরে এই করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত